শিরোনাম

South east bank ad

৬ মাসে জনপ্রশাসনে নিয়োগ পাবেন ২৮৭৯ জন: সংসদে প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন   |   মন্ত্রী

৬ মাসে জনপ্রশাসনে নিয়োগ পাবেন ২৮৭৯ জন: সংসদে প্রতিমন্ত্রী

সরকারের জনপ্রশাসনে শূন্যপদ পূরণের লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরের শূন্যপদগুলো দ্রুত পূরণের জন্য সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিনটি পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং আগামী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসের শ্রেণিওয়ারি শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০। এর মধ্যে প্রথম শ্রেণিতে (প্রথম-নবম) ৬৮ হাজার ৮৮৪, দ্বিতীয় শ্রেণিতে (দশম-১২তম) ১ লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে (১৩তম-১৬তম) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে (১৭তম-২০তম) ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক—যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে) ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।

প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং জনগণের সেবা আরও সহজ করতে সরকার স্বচ্ছতা ও দ্রুততার সাথে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে শূন্যপদের সর্বশেষ তথ্য ও চাহিদাপত্র পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সময়মতো নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য সব দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

.
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: