মেগা প্রকল্পে উন্নত ফিজিবিলিটি স্টাডির ওপর জোর
শনিবার (১১ জুলাই) মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয়, সময়মতো বাস্তবায়ন এবং গুণগত মান নিশ্চিত করতে উন্নতমানের ফিজিবিলিটি স্টাডি ও দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ রাজধানীর শহীদ প্রকৌশলী ভবনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, প্রকল্পের শুরুতেই বাস্তবসম্মত পরিকল্পনা, নকশা, ব্যয়, পরিবেশ ও সামাজিক প্রভাব বিবেচনায় নিলে সময় ও ব্যয় উভয়ই কমানো সম্ভব। পরিকল্পনার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেক প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নকাল বেড়ে যায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৌশলীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো খাতে প্রকৌশলীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ডিপিপি প্রণয়ন থেকে প্রকল্প সমাপ্তি পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকৌশল-সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


