অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতায় প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। আয়েশার জীবনসংগ্রাম প্রমাণ করে, দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তিনি আরও জানান, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না।
তিনি আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং এটিকে মেধা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


