পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ।
রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে প্রতিনিধি দল জানায়, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে তারা। বাংলাদেশেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে।
তিনি আরও বলেন, পায়রা বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


