ছাত্রজীবনের রাজনীতি কর্মজীবনে প্রভাব ফেলতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তা যেন কর্মজীবনে কোনো প্রভাব না ফেলে, নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের সে বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কার্যক্রমের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা প্রতিপালন করতে হবে।
পুলিশ ও আনসার বাহিনীর দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, এ দুটি ক্যাডার অন্য সার্ভিসের তুলনায় সম্পূর্ণ আলাদা। এখানে সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উল্লেখ্য, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।


