সাড়ে ৪ শতাধিক নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন
নতুন অর্থবছরের শুরুতেই প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে অন্তত ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এসব প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন পদ সৃষ্টি, বিদ্যমান পদ পুনর্বিন্যাস, নিয়োগবিধিমালা অনুমোদন এবং নতুন প্রতিষ্ঠানের জনবল কাঠামো নির্ধারণ।
সব মিলিয়ে যেসব প্রস্তাবে নির্দিষ্ট সংখ্যক জনবল উল্লেখ রয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে অন্তত ৪২৭টি নতুন পদ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
তবে সচিব কমিটির সভায় প্রস্তাব উত্থাপন মানেই তা চূড়ান্ত অনুমোদন নয়।
প্রতিটি প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের বিভিন্ন ধাপ অতিক্রম করবে। আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং নীতিগত অগ্রাধিকারের ভিত্তিতে অনেক প্রস্তাবেই পরিবর্তন আসতে পারে কিংবা কিছু প্রস্তাব স্থগিতও হতে পারে। নতুন অর্থবছরের শুরুতেই অনুষ্ঠিত এই সভা সরকারের প্রশাসনিক অগ্রাধিকারের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একদিকে গবেষণা, তথ্যব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা ও সামাজিক সেবায় জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক কাঠামোকেও পুনর্গঠনের চেষ্টা চলছে।


