নিজ জেলায় পদায়ন পাবেন সহকারী কৃষি কর্মকর্তারা
মাঠপর্যায়ে কৃষি সেবার মান বাড়াতে সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় বা কাছাকাছি এলাকায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার, ফলে এসব কর্মকর্তাকে দূরের জেলায় পদায়নের প্রবণতা কমবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিতে মাঠপর্যায়ে কাজ করা সহকারী কৃষি কর্মকর্তারা আগে নিজ জেলায় কাজ করার সুযোগ পেতেন। ২০২০ সাল থেকে এ ব্যবস্থা চালু ছিল।
এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের যথাসম্ভব নিজ জেলায় পদায়ন করা হবে। নিজ জেলায় সম্ভব না হলে কাছাকাছি এলাকায় পদায়নের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এর উদ্দেশ্য হলো কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজের সুযোগ ও সময় বাড়ানো। এতে তাঁদের কাছ থেকে আরও বেশি আউটপুট পাওয়া যাবে এবং দায়িত্বশীলতা ও জবাবদিহি বাড়বে
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে।
এর মধ্যে একটি ছিল মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের পদায়নসংক্রান্ত সিদ্ধান্ত। অন্যটি জাতীয় বেতনস্কেল ২০২৬, যা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সরকারি কর্মচারীরা। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের দেওয়া হবে।
তিনি আরও জানান, মন্ত্রিসভার এটি ছিল বর্তমান সরকারের ১৯তম বৈঠক।


