নির্ধারিত সময়েও কাজে ফেরেননি আওয়ামীপন্থী ডিএমপি কর্মকর্তারা
ক্ষমতা পরিবর্তনের পর সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন না করা এবং কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাদের ‘চাকরি করতে চাইছেন না’ বলে ধরে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার আল্টিমেটামের শেষ দিন হলেও গতকাল বুধবার পর্যন্ত আওয়ামী লীগপন্থী বা ক্ষমতাচ্যুত সরকারঘেঁষা হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধিকাংশ কর্মকর্তা কাজে যোগ দেননি।
ডিএমপি সূত্রে জানা গেছে, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অন্তত ২৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো কাজে ফেরেননি। তাদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে শুরু করে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
ডিএমপি সদর দফতরের ক্রাইম বিভাগ ও প্রশাসন বিভাগসহ কিছু ইউনিটের সদস্যরা কার্যক্রম চালিয়ে গেলেও বাকিদের কক্ষে তালা ঝোলানো রয়েছে এবং অনেকের ফোনও বন্ধ। তবে থানাগুলোতে ৯৫ শতাংশ পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। থানাগুলো চালু থাকলেও গত তিন দিনে ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার মধ্যে কোনো মামলাও দায়ের হয়নি, যদিও ২৫০টির মতো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলাম জানিয়েছেন, অনেকেই কাজে ফিরছেন। আমরা আশাবাদী, বাকিরাও দ্রুতই কাজে যোগ দেবেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অনুপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে বলেছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিরাগভাজন হতে হয়েছিল। ফলে এখন তারা প্রতিশোধের শিকার হওয়ার ভয়ে আছেন।
গণ-আন্দোলন ও সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই দেশের বিভিন্ন থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অনেক পুলিশ সদস্য।
৫ আগস্টের পর নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহতের কারণে পুলিশের ননক্যাডার সদস্যরা কাজে যোগ দেননি, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।
উল্লেখ্য, কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের ফেরানোসহ পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।


