শিরোনাম

South east bank ad

পুরান ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন   |   দেশ

পুরান ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুরান ঢাকার বংশালে একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বংশালের হাজী ওসমান গণি রোডের আলু বাজার এলাকার ‘আরমান হেয়ার কাটিং সেলুন’-এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭), কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধদের একজন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেলুনে থাকা সবাই দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশালের আলু বাজার এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে এসেছেন।
তাদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে পর্যবেক্ষণে (অবজারভেশনে) রাখা হয়েছে।

BBS cable ad