পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণের প্রতি জেলা প্রশাসকের আহ্বান
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে যে, কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করুন। নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পর্যাপ্ত পানি ও জীবাণুনাশক ব্যবহার, বর্জ্য দ্রুত অপসারণ এবং জনস্বাস্থ্যের ক্ষতি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকা সকলের নাগরিক দায়িত্ব।
বিশেষ করে কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য জবাইয়ের পরপরই রক্ত, চর্বি ও ময়লা পরিষ্কার করে সঠিক নিয়মে লবণ প্রয়োগ ও সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। চামড়ায় যেন ছিদ্র বা কাটাছেঁড়া না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং চামড়া ভাঁজ করে বা অপরিচ্ছন্ন স্থানে না রেখে বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন এবং নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন।
একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর কক্সবাজার গড়ে তুলতে সকলের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য। সকলকে অগ্রিম পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।


