অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গতকাল ১৫ জুলাই ২০২৬, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-২০২৬”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইসতিয়াক ইমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ.টি.এম. আমিনুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ। এছাড়াও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার কার্যকর প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দুটি বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে তাঁদের অর্জিত দক্ষতা বাস্তবায়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে প্রত্যেককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে অনুদানের চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


