১ জুলাই থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধন
শুক্রবার (২৬ জুন) আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতার খেলা শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় মৌসুমে দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়নে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, তরুণদের মাঠমুখী করতে এবং প্রযুক্তির আসক্তি কমাতে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি জুলাইয়ের পর আরও ২০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও অন্যান্য সুবিধার আওতায় আনা হবে। এতে মোট প্রায় ৫০০ জন খেলোয়াড় সরকারি সহায়তা পাবেন।
এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।


