South east bank ad

জুয়া-মাদকমুক্ত দেশ গড়তে পদক্ষেপ নিচ্ছে সরকার

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন   |   মন্ত্রী

জুয়া-মাদকমুক্ত দেশ গড়তে পদক্ষেপ নিচ্ছে সরকার

শুক্রবার (২৬ জুন) নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে। আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিগগিরই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা, কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অস্ত্র দেওয়ার বিধান রাখা হয়েছে।

তিনি জানান, বিচারাধীন বিপুলসংখ্যক মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, প্রতিটি জেলায় কেমিক্যাল ল্যাব স্থাপন এবং আধুনিক ডগ স্কোয়াড যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন জুয়া, সাইবারভিত্তিক মাদক পাচার ও অর্থপাচার রোধে আইনি কাঠামোও আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসার গডফাদারদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তদের অপরাধী নয়, রোগী হিসেবে বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে ২০০ শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণ এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।

BBS cable ad