অসুস্থ শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী, ৫ লাখ টাকা সহায়তা
শনিবার (৪ জুলাই) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল ডিমেনশিয়ায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে আজ রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসায় যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তাঁরা শিল্পীর চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে তাঁর জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদক এবং ২০১৫ সালে নজরুল পুরস্কার লাভ করেন।


