South east bank ad

দেশজুড়ে ৪,৫৯৯ খেলার মাঠ তৈরির উদ্যোগ

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রী

দেশজুড়ে ৪,৫৯৯ খেলার মাঠ তৈরির উদ্যোগ
সোমবার (১০ আগস্ট) সুস্থ প্রজন্ম গঠন ও মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে নতুন প্রতিভা অন্বেষণে চালু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় আসরের নিবন্ধন চলছে।

মাঠের সংকট দূর করতে পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সিটি কর্পোরেশনের প্রতি ২ থেকে ৩টি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

এ ছাড়া গ্রাম পর্যায়েও ক্রীড়া চর্চার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারাদেশে মোট ৪ হাজার ৫৯৯টি নতুন খেলার মাঠ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, দেশজুড়ে খেলার মাঠের সংখ্যা বাড়ানোর এ উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: