ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু ‘অভিযাত্রী কমিউটার’
সোমবার (১০ আগস্ট) পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে।
আজকে বিকেল সাড়ে ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কমিউটার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই নতুন এ ট্রেন চালু করা হয়েছে।
‘অভিযাত্রী কমিউটার’ চালুর ফলে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা কম খরচে নির্ভরযোগ্যভাবে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে কর্মদিবস শেষে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ থাকায় রাজধানীমুখী স্থায়ী আবাসনের প্রবণতা কমবে এবং ঢাকার আবাসন, যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে ট্রেনটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন স্থানীয় পণ্য দ্রুত ও তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।
১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পৌঁছাবে। ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
৮টি কোচের এ ট্রেনে মোট আসন রয়েছে ৬৩০টি। ঢাকা-গোপালগঞ্জের ১৪৮ কিলোমিটার রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন—এই ৭টি স্টেশনে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
ট্রেনটির প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।


