পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
সোমবার (১০ আগস্ট) আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এ কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
আজ সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এ কার্যক্রম শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না।
শিক্ষার্থীদের বাড়ির সামনে, আঙিনায় কিংবা আশপাশের সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি ফিরে শিক্ষার্থীদের অভিভাবকদেরও গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে যুক্ত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সবাই যদি একটি করে গাছ লাগায়, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকেই অংশীদার হতে পারবেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন আমিনুল হক। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


