South east bank ad

শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন   |   মন্ত্রী

শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান
সোমবার (১০ আগস্ট)  শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ ও মিশরের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। বাংলাদেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি মিশরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্প খাতে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এসব খাতের আরও উন্নয়ন সম্ভব।

মিশরের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিশরের উদ্যোক্তারা নতুন বাজারের সুযোগ পাওয়ার পাশাপাশি দেশের শিল্প ও কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।

মিশরের রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মিশর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। শিল্প ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব।

এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মিশরের রাষ্ট্রদূত। সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: