শিরোনাম

South east bank ad

গ্রামেও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতের আহ্বান

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রী

গ্রামেও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতের আহ্বান
বুধবার (১৯ আগস্ট) শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটর রবির প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ জনবান্ধব উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সারাদেশের গ্রাহকরাও উন্নত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কল ড্রপ, প্যাকেজের মেয়াদ, ডাটা ও ব্যালান্স নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে মোবাইল অপারেটরদের আরও কার্যকর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাকেজের শর্ত, মেয়াদ ও গ্রাহকদের অধিকার সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে।

বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিনিয়োগ অন্যতম চালিকাশক্তি। টেলিকম খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমিয়ে সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের প্রায় অর্ধেক মোবাইল ব্যবহারকারী এখনো ফিচার ফোন ব্যবহার করেন উল্লেখ করে উপদেষ্টা তাদের স্মার্টফোন ও ডেটা ব্যবহারের আওতায় আনার আহ্বান জানান। তরুণদের জন্য উন্নত নেটওয়ার্ক, সাশ্রয়ী স্মার্টফোন ও এআই টুল ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে বিশ্ব প্রতিযোগিতায় তারা আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

রবির তথ্যমতে, বৃহত্তর ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এতে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ উন্নত হয়েছে, কল ড্রপ ২০ শতাংশ কমেছে এবং বৃহত্তর ঢাকা ও গাজীপুরে ইনডোর কভারেজ ও সংযোগ তিন গুণ উন্নত হয়েছে। পাশাপাশি প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাদারা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: