শিরোনাম

South east bank ad

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের নৈরাজ্য কঠোর হাতে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর গতকাল রোববার শ্রম মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছে। শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষকদের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সড়ক-মহাসড়কে আগুন জ্বালিয়ে ও অবরোধ সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রকৃত শ্রমিক ও তাদের নেতারা কখনোই নিজেদের কর্মসংস্থান ধ্বংস কিংবা অস্থিতিশীল পরিস্থিতি চান না।

তিনি আরও বলেন, সহিংসতা ও ষড়যন্ত্রে জড়িত চিহ্নিত ইন্ধনদাতা এবং কয়েকজন শিল্পমালিককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। অডিও-ভিডিও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্প, বিনিয়োগ ও শ্রমিকবান্ধব। রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং জীবিকার স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কোনো শিল্পকারখানা যেন বন্ধ না হয় এবং কোনো শ্রমিক যেন বেকার হয়ে না পড়েন, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর সোমবার বিকেলে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, সংসদ সদস্য ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: