চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের মনিটরিং ও পরামর্শক কমিটি
বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন-বিদ্যমান সমস্যার সমাধানে ১২ সদস্যের একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি, অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য সচিব করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে।
কমিটিতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা সংসদ ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানসহ চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও রাখা হয়েছে।
কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো চা বাগানগুলোর বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করা।
এজন্য বাগান মালিকদের শ্রেণিকৃত (ক্ল্যাসিফাইড) ঋণ পুনঃতফসিল করা এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
চা শিল্পের অর্থায়ন সংকট মোকাবিলায় এ ধরনের তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কমিটির কার্যপরিধিতে আরও রয়েছে চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়া। এসব বিষয়ে গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


