ডিজিটাল গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর দেওয়ার তাগিদ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং, প্রযুক্তিনির্ভর সংস্কার এবং উন্নত ডিজিটাল গ্রাহকসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১৯ আগস্ট) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের একটি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত হয়ে তিনি এই দিকনির্দেশনা দেন।
নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ২৫ জন কর্মকর্তার অংশগ্রহণে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া প্রথম ধাপের মৌলিক প্রশিক্ষণ কোর্সটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং আনসার-ভিডিপির অগ্রগতির সঙ্গে ব্যাংকের গভীর সম্পর্কের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে বাহিনীর সঞ্জীবন প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়নসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থা যেমন— BACH, NPSB এবং BEFTN/EFT-এর সঙ্গে ব্যাংকের সংযুক্তির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এসব প্রযুক্তিগত পদক্ষেপের ফলে আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরো দ্রুত, নিরাপদ ও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
মহাপরিচালক নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারি, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে কর্মকর্তারা ব্যাংকের আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব সেবা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।


