বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা ১৫ মিনিটে তারা রাজধানীর বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এরপর প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান।
সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায় মোট ৭৪ জন প্রাণ হারান। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।


