নেপালের বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনা নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় এই সময়ে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
এদিকে, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও পুনরুদ্ধারের প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের ত্রাণ ও উদ্ধার সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বাংলাদেশের।


