টানা ১০ মাস কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া টানা ১০ মাসেরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ, অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।’
জানা গেছে, মোহাম্মদ মনিরুজ্জামান (পরিচিতি নম্বর ২০৬৮৯) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়নকৃত ছিলেন। এর আগে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মনিরুজ্জামানকে ২০২৪ সালের ৮ অক্টোবর ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।


