South east bank ad

উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন   |   সচিব

উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

 
দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব বলেন, ‘উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা।’ দেশের সম্পদ ও সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই উৎপাদনশীলতা বৃদ্ধির মূল লক্ষ্য বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা কীভাবে সৃজনশীল চিন্তার মাধ্যমে সমাধান করা যায়, এসব প্রকল্পে তার প্রতিফলন রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো উদ্যোগ উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শিল্প সচিব বলেন, আমাদের নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি সিঁড়ি তৈরি করে দেওয়া, যার মাধ্যমে তারা আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে।

আরও পড়ুন
কেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার
কেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

 
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বিসিআইসি ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় ৫০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে। উদ্বোধনের পর শিল্প সচিব মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
BBS cable ad

সচিব এর আরও খবর: