শিরোনাম

South east bank ad

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

 প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী


বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতিনিধিদের কাছে পদক হস্তান্তর করবেন।
 
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে নিহত হন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী।

সম্মাননা পেতে যাওয়া বাংলাদেশের বীর শান্তিরক্ষীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।

জানা গেছে, তারা সুদান-দক্ষিণ সুদানের সীমান্তবর্তী আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) কর্মরত ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর দায়িত্ব পালনকালে একটি আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন।

বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদান ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ প্রতিবছর নিহত শান্তিরক্ষীদের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করে। এই সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষীদের বীরত্ব, পেশাদারিত্ব এবং মানবতার প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
 
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে দেশের শান্তিরক্ষীরা দক্ষতা, সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এবারও সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে যুক্ত হলো আরও ছয় বীর সন্তানের নাম।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: