ঈদের আগে জাল টাকাসহ আটক ৩
খাগড়াছড়ির দীঘিনালায় জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দীঘিনাল-মেরুং সড়কের মধ্যবোয়ালখালি সাবান ফ্যাক্টরি নামক এলাকার পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন–উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালির ইউসুফের ছেলে হাবিব (৩২), একই এলাকার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৩১) ও শাহজাহানের ছেলে গাজি আলম (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৫০০ টাকা মূল্যের ৪টি জাল নোট উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে এলাকায় জাল টাকা ছড়ানোর অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো একটি চক্রের হয়ে কাজ করছে বলে ধারণা করছে পুলিশ।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


