শিরোনাম

South east bank ad

আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন   |   দেশ

আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে নিহত শিশুর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

সোমবার সকালে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পরিবর্তন করে ৬ জুলাই নির্ধারণ করা হয়।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।

উল্লেখ্য, ঘটনার পর নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনার বিচার দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

BBS cable ad