ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আগাম প্রস্তুতির আহ্বান ভূমিমন্ত্রীর
বৃহস্পতিবার (২৫ জুন) জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম এবং জীবিকার বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘হাওর বেসিন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলভিত্তিক পারিবারিক অর্থনীতি বিশ্লেষণ (এইচইএ) প্রতিবেদন’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের পুনরাবৃত্তি ও তীব্রতা বাড়ছে। তাই দুর্যোগ-পরবর্তী প্রতিক্রিয়ার পাশাপাশি আগাম প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, হাওর অঞ্চলের ৫৮ শতাংশ এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষিনির্ভর। দুর্যোগের সময় দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে খাদ্য নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, সরকারি জলমহাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে তিনি হাওর ও পার্বত্য অঞ্চলের পারিবারিক অর্থনীতি বিশ্লেষণ প্রতিবেদনটির আনুষ্ঠানিক প্রকাশনা করেন।


