নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা
সোমবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, পরিচ্ছন্ন ও জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরে টিএসসির সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। বৈরী আবহাওয়ার কারণে ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য ঘুরে শোভাযাত্রাটি টিএসসির সড়কদ্বীপে গিয়ে শেষ হয়।
সমাবেশে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞানচর্চার ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে তারা এ শোভাযাত্রা করেছেন। ক্যাম্পাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, গণতন্ত্র, জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রাণ-প্রকৃতি ও ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে টিম ওয়ার্ক পরিচালনা করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য ও যত্রতত্র ময়লা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি ব্যবহারের পর প্লাস্টিক কাপ, চিপসের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
প্রিন্স বলেন, ‘আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’ একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ক্যাম্পাস থেকেই সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের জন্য আনন্দময়, উৎপাদনমুখী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার পরিবেশ তৈরির কথাও বলেন।
পরে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য নিশ্চিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


