কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভায় একাধিক প্রকল্প অনুমোদন
বৃহস্পতিবার (৯ জুলাই) কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভায় দেশের বিভিন্ন অবকাঠামো, সড়ক, বিশ্ববিদ্যালয়, বন্দর, ওয়াসা, সিটি করপোরেশন ও রেল প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ ও অধিগ্রহণের একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ কোস্ট গার্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), গাজীপুর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে ৫০ বিঘার বেশি ভূমি অধিগ্রহণের ১৪টি প্রস্তাবেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বেনাপোল স্থলবন্দর সম্প্রসারণ, কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ, পদ্মা সেতু রেল সংযোগ, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন এবং ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।
সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দ ও অধিগ্রহণ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


