কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক
সোমবার (২৪ আগস্ট) দেশের কালচারাল ট্যুরিজম উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন উন্নয়ন নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় জানানো হয়, MOU স্বাক্ষরের পর দুই মন্ত্রণালয়ের জন্য অভিন্ন নীতিমালা (SOP) প্রণয়ন এবং কালচারাল ট্যুরিজম উন্নয়নে ‘Joint Taskforce for Cultural Tourism’ গঠন করা হবে।
পর্যটন মন্ত্রী বলেন, দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে ২-৩ শতাংশ। এ অবদান ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের হাজার বছরের ঐতিহ্য সংরক্ষণ করে তা বিশ্বজুড়ে তুলে ধরতে চায় সরকার। দেশের ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পরিদর্শন করে প্রয়োজনীয় উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমানসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


