ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ১১৬ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


