সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
আকস্মিক আইন-শৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আকস্মিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রতিটি জেলায় কিউআরটি গঠন করতে হবে। এই টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।


