প্রযুক্তির সঠিক ব্যবহারেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ: বিজ্ঞান সচিব
রবিবার (২১ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হলো প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। দেশের গবেষক ও তরুণদের মেধা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
আজ আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও লব্ধ জ্ঞান মূল্যায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান সচিব বলেন, বিশ্বের অনেক দেশের অর্থ ও সম্পদ থাকলেও প্রয়োজনীয় মানবসম্পদের অভাব রয়েছে। বাংলাদেশের প্রায় ৬৫ শতাংশ তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। এই মানবসম্পদকে দক্ষতা ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক ক্ষেত্রে সহায়ক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের। দেশের তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ আনোয়ার হোসেন বলেন, গবেষণার ফলাফলকে বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং তা সাধারণ মানুষের জীবনমান ও অর্থনীতির উন্নয়নে কাজে লাগানোই এখন মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য গবেষকদের গবেষণার বাস্তব প্রয়োগ, সম্ভাব্য উপকারিতা এবং পরবর্তী ধাপে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু গবেষণা করলেই হবে না; গবেষণাকে বাণিজ্যিকভাবে কার্যকর এবং খাতভিত্তিক হতে হবে। গবেষণার ফল যেন অর্থনীতি, শিল্প ও মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে, সে লক্ষ্য নিয়েই কাজ করতে হবে।
রপ্তানি বহুমুখীকরণের প্রসঙ্গ তুলে বিজ্ঞান সচিব বলেন, দেশের রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। নতুন ও প্রতিযোগিতামূলক পণ্য উন্নয়নের জন্য গবেষণাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে, যাতে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মুহাম্মদ ইউসুফ বঙ্গোপসাগরে টেকসই সমুদ্র শাসন ও ব্লু ইকোনমি উন্নয়নে মেরিন স্পেশাল প্ল্যানিং (MSP) বিষয়ক গবেষণা উপস্থাপন করেন। তিনি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী ডাটা অবকাঠামো ও কার্যকর প্রতিষ্ঠান গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্মসচিব একে এম শওকত আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোরা অংশগ্রহণ করেন।


