South east bank ad

সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৪৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন   |   বিজিবি

সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৪৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
 কুমিল্লার আদর্শ সদর উপজেলার শীবের বাজার সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৯ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় একটি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিতভাবে নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার শিবের বাজার বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাড়িগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
জব্দ করা অটোরিকশা ও শাড়িগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

বিজিবি এর আরও খবর: