শিরোনাম

South east bank ad

আগামীর সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডিসি ফরিদা খানম

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

আগামীর সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডিসি ফরিদা খানম

 

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকেই বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীর সবুজ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ঢাকাকে বাঁচাতে এখনই ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়। ঢাকাকে আরও বাসযোগ্য, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্জ্যের উৎসভিত্তিক শ্রেণিবিন্যাস ও পরিচ্ছন্ন ঢাকা গঠন শীর্ষক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তাই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্নতা একটি অভ্যাস, আর এই অভ্যাস গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত স্থান হলো বিদ্যালয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উৎসেই বর্জ্য পৃথক করার গুরুত্ব তুলে ধরে লাল, নীল ও কালো রঙের বিনে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পৃথকীকরণ এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কৌশল শেখানো হয়।

ফরিদা খানম বলেন, সবুজ ঢাকা গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি মানুষ যদি  একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপানা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর শওকত, নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো আব্দুল মালেক মিয়া প্রমুখ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: