ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ১০ জন এবং সিটিটিসি ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকি-টকি, একটি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


