রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্নের আশ্বাস
রবিবার (২৪ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “বিএসআরএফ সংলাপ”-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং একদিনের মধ্যেই সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাত্র তিন দিনের মধ্যে ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্ন করে পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত করা হয়েছে, যা আদালতে দাখিল করা হচ্ছে। দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠন ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঈদের ছুটিতেও আদালতের কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
নতুন পাসপোর্টে ফিরছে ‘Except Israel’
পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পাসপোর্টে পুনরায় “Except Israel” শব্দগুচ্ছ যুক্ত করা হবে। তিনি বলেন, এটি জনগণের দীর্ঘদিনের দাবি এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত।
অনলাইন জুয়া বন্ধে আসছে নতুন আইন
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে অনলাইন জুয়া, বেটিং ও জুয়া প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী নতুন আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই বিল আকারে আইনটি উপস্থাপন করা হবে।
মাদক মামলার জট কমাতে বিশেষ ট্রাইব্যুনাল
মন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।
স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী
স্বাধীন গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় যৌক্তিক বিধিনিষেধও প্রয়োজন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, কৃত্রিম ন্যারেটিভ তৈরি এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


