উন্নয়ন বাস্তবায়নে এডিবির দ্রুত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী
রবিবার (২৪ মে) আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাবের মধ্যে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে Asian Development Bank-এর দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই তাৎক্ষণিক সাড়া ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।
আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও এডিবির মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পগুলো হলো—
স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)
সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)
সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট
নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, আগামীকাল (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে “Nationwide Integrated Development Project” বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। দীর্ঘমেয়াদি এই প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহার ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতেও দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা পালন করবে।


