নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: সেতুমন্ত্রী
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেন, “ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”
রবিবার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সারা দেশে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নিয়মিত সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ সড়কপথে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন বা রাস্তার ওপর যত্রতত্র বাস রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করারও নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
এছাড়াও পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, গাজীপুর ও বিআরটিএ গাজীপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।


