যাত্রীসেবার খোঁজে ইলিশা ঘাটে নৌপ্রতিমন্ত্রী
রবিবার (৩১ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান।
আজ দুপুরে তিনি ইলিশা ঘাটে আকস্মিক সফর করে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং নৌযান চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব নৌঘাটে যাত্রী চলাচল বেশি, সেসব স্থান সরকার নিয়মিত পরিদর্শন করছে। ঈদে মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর এখন তাদের কর্মস্থলে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের পরিদর্শনে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণকে নিরাপদ যাতায়াতের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এ সময় প্রতিমন্ত্রী অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যাত্রীচাপ ও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ডা. শামীম রহমান, মো. শহিদুল্লাহ কাওছার, মো. আরিফুজ্জামানসহ বাংলাদেশ পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


