শিরোনাম

South east bank ad

স্বাস্থ্যগত কারণে সরকারের এক মন্ত্রীর পদত্যাগ

 প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন   |   মন্ত্রী

স্বাস্থ্যগত কারণে সরকারের এক মন্ত্রীর পদত্যাগ
সোমবার (১ জুন) স্বাস্থ্যের অবনতিতে বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ  তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন— দায়িত্ব গ্রহণের পর হতেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। পার্বত্য রাঙ্গামাটির (২৯৯) আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

২১৩টি কেন্দ্রে দীপেন ভোট পেয়েছিলেন দুই লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট। ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান দীর্ঘ প্রায় ২০ বছরের জুডিসিয়াল সার্ভিসের চাকরি ছেড়ে ২০০৫ সালে রাজনীতিতে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি সুবিমল দেওয়ানের ছেলে দীপেন দেওয়ান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও পারিবারিক চাপে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সপ্তম বিসিএসে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে ২০০৫ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন।

রাজনীতিতে যোগদানের পর নানা প্রতিকূলতা ও রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে এক লাখ ৭০ হাজার ৩২২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: