শিরোনাম

South east bank ad

ইউএন পুলিশ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার আহ্বান

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন   |   মন্ত্রী

ইউএন পুলিশ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার আহ্বান


ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জাতিসংঘের অধীনে একটি ‘ইউএন পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠন এবং জলবায়ুজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বার্ষিক এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (UNCOPS 2026)-এর প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং আন্তঃদেশীয় অপরাধচক্রের বিস্তারের কারণে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রচলিত পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে হবে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে আধুনিকায়ন করেছে। পাশাপাশি পুলিশ বাহিনীতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিংয়ের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের জন্য ‘ইউএন পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক প্রস্তুতি জোরদারে বার্ষিক এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স আয়োজনেরও আহ্বান জানান।

তিনি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান ও নীতিনির্ধারকেরা জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিভাগের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: