সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটির সভা
বুধবার (১৫ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে 'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন সুপারিশ করা হয়। এসব সুপারিশ সংযোজনের পর খসড়া আইনটি চূড়ান্ত করতে আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


