জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট চালু
বৃহস্পতিবার (১৬ জুলাই) জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের 'প্রাইমারি ইংলিশ টেস্ট' ও 'সেকেন্ডারি ইংলিশ টেস্ট' চালু করেছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিল ও জেসিইএসসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিলেটে জেসিইএসসি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেসিইএসসি-তে একটি অফিসিয়াল আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার চালুর ঘোষণাও দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা প্রতিষ্ঠান থেকেই সহজে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন ব্যবস্থার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যতের বৈশ্বিক সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে।
জেসিইএসসি-এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান বলেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষার মান আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আনিকা বুশরা মূল্যায়ন পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অভিভাবক ও শিক্ষার্থীরা পরীক্ষার সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
এই উদ্যোগের মাধ্যমে জেসিইএসসি-এর শিক্ষার্থাদের আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা অর্জন, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক সুযোগের সঙ্গে যুক্ত হওয়ার পথ আরও সুগম হবে।


