শিরোনাম

South east bank ad

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন   |   মন্ত্রী

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
বুধবার (১২ আগস্ট) পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার, স্থানীয় জনগোষ্ঠী, বন বিভাগের কর্মী, বেসরকারি সংস্থা, শিক্ষার্থী, তরুণ, গবেষক ও গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব হাতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা করা মানে শুধু হাতিকে রক্ষা করা নয়; এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়। আবাসস্থল দখল ও ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধ হাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, ২০১৫ সালের জরিপ অনুযায়ী দেশে স্থায়ীভাবে বসবাসকারী বন্য হাতির সংখ্যা ২৬৮টি, পরিযায়ী ৯৩টি এবং পোষা হাতি ৯৬টি। ২০২৭ সালের মধ্যে নতুন করে হাতি জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, হাতি সংরক্ষণে Bangladesh Elephant Conservation Action Plan (2018–2027) প্রণয়ন করা হয়েছে। এতে ৪০টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে, যা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

মানুষ-হাতি সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ক্ষতিপূরণ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১২ সাল থেকে জুন ২০২৬ পর্যন্ত হাতির আক্রমণে নিহত ৩২২ জনের পরিবার, আহত ১৬৯ জন এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২১৫টি পরিবারকে প্রায় ১৩ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি বন অধিদপ্তরকে নির্দেশনা দেন।

মন্ত্রী আরও জানান, মানুষ-হাতি সংঘাত কমাতে হাতি অধ্যুষিত এলাকায় ১৫৯টি Elephant Response Team (ERT) গঠন করা হয়েছে। এসব দল হাতির উপস্থিতি সম্পর্কে সতর্কবার্তা দেওয়া, গতিবিধি পর্যবেক্ষণ এবং নিরাপদ উপায়ে সংঘাত কমাতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বক্তব্য দেন।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মোতালেবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: