শিরোনাম

South east bank ad

সব ধর্ম-মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে: ধর্ম প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

সব ধর্ম-মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে: ধর্ম প্রতিমন্ত্রী
রবিবার (২৩ আগস্ট) ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, সব ধর্ম ও মতের মানুষ যাতে নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষই ধার্মিক। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মপ্রাণ মানুষের দেশ। প্রত্যেক ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মগ্রন্থ অনুসরণ ও ধারণ করতে পারেন, তাহলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।

ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে শামীম কায়সার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশে একটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজন। বেগম খালেদা জিয়াও ধর্মীয় মূল্যবোধকে অনেক বেশি সম্মান করতেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কারণেই বিএনপি মানুষের মনে জায়গা করে নিয়েছে।

তাঁকে প্রতিমন্ত্রী নিয়োগ নিয়ে একটি সংগঠনের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি নির্বাচনে সবাই একটি দলকে ভোট দেয় না, মানুষের পছন্দ-অপছন্দ থাকতেই পারে। একইভাবে কোনো নিয়োগও শতভাগ মানুষ পছন্দ করবে—বিষয়টি এমন নয়। অনেক সময় কোনো বিষয় সরাসরি পরিষ্কার করা সম্ভব না হলে বা খণ্ডিত তথ্য গেলে ভুল ব্যাখ্যা হতে পারে। যোগাযোগ ও কথাবার্তা বাড়লে ভুল বোঝাবুঝি থাকলে সেগুলোও দূর হবে।

তিনি বলেন, তিনি গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে কথা বলেছেন। তাদের কিছু প্রশ্ন ছিল এবং তিনি তাদের সন্তুষ্ট করতে পেরেছেন বলে মনে করেন। তারা তাঁকে স্বাগত জানিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

শামীম কায়সার বলেন, বাংলাদেশের বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থান এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও তিনি যাবেন। এতে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: