২০২৭ সালের যৌথ কর্মসূচি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের সমন্বয় সভা
টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যব্যবস্থার উন্নয়নে ২০২৭ সালের সম্ভাব্য যৌথ কর্মসূচি ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ।
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি, খাদ্যব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও জনসম্পৃক্ত উন্নয়ন নিয়ে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্যব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার এবং যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কার্যকর ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।
সভায় ২০২৭ সালে সার্ক কৃষি কেন্দ্র ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য যৌথ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের অগ্রাধিকার, অভিজ্ঞতা, দক্ষতা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
আলোচনায় টেকসই কৃষি, কৃষিবাস্তুশাস্ত্রভিত্তিক কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, প্রাণিসম্পদ ও মৎস্য উন্নয়ন, কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল, গ্রামীণ জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ২০২৭ সালে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর জন্য আরও টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক কৃষি ও খাদ্যব্যবস্থা গড়ে তোলায় কার্যকর অবদান রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।


